বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

রাজধানীতে ২ কেজি গান পাউডারসহ আওয়ামী লীগের তিন সদস্য গ্রেফতার

রাজধানীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে ২ কেজি গান পাউডারসহ তিনজন আওয়ামী লীগ সদস্য গ্রেফতার।

রাজধানীতে ২ কেজি গান পাউডারসহ আওয়ামী লীগের তিন সদস্য গ্রেফতার

রাজধানীর মিরপুর এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে ২ কেজি ২৯০ গ্রাম গান পাউডারসহ তিনজন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা মিরপুর বিভাগ। গ্রেফতারকৃতরা হলেন মো. মামুন অর রশীদ (২৭), ইব্রাহিম হোসেন মুন (৫০) ও মেঘলা মিলি (৪১)।

গোয়েন্দা মিরপুর বিভাগের সূত্রে জানা যায়, আগামী ডিসেম্বর মাসে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে একটি সংঘবদ্ধ চক্র নাশকতার পরিকল্পনা করছে। এ তথ্যের ভিত্তিতে নজরদারি বৃদ্ধি করা হয়। সম্প্রতি সাংবাদিক জুলকারনাইন সায়েরের প্রকাশিত একটি অডিওর মাধ্যমে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের নাশকতা সৃষ্টির পরিকল্পনার বিষয়ে আলোচনা উঠে আসে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১১টার দিকে গোয়েন্দা মিরপুর বিভাগের একটি দল মিরপুর-১০ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মো. মামুন অর রশীদকে ২ কেজি ২৯০ গ্রাম গান পাউডারসহ গ্রেফতার করা হয়।

মামুনের দেওয়া তথ্যের ভিত্তিতে গোয়েন্দা বিভাগের একটি টিম ইব্রাহিম হোসেন মুন ও মেঘলা মিলিকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

মামুন অর রশীদ জানান, ঢাকাসহ মিরপুরের বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় অগ্নিসংযোগ ও আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে মেহেরপুরের ছাত্রলীগের এক পদধারী নেতার মাধ্যমে সীমান্তবর্তী এলাকা থেকে গান পাউডার সংগ্রহ করে। পরবর্তীতে মিরপুর ছাত্রলীগের এক নেতার মাধ্যমে গান পাউডার ইব্রাহিম হোসেন মুন ও মেঘলা মিলির কাছে হস্তান্তরের উদ্দেশ্যে ঢাকায় নিয়ে আসা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানায় গোয়েন্দা বিভাগ।

বিজ্ঞাপন