রাজধানীর মোহাম্মদপুর থেকে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের তিন সদস্যকে গ্রেফতার করেছে এসআরবি-২। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন গোপালগঞ্জের কাশিয়ানী থানা যুবলীগের সাবেক সভাপতি কাজী নুরুল আমিন তুহিন (৫৫), যিনি হত্যাচেষ্টা, খুনসহ একাধিক মামলার আসামী।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোররাতে মোহাম্মদিয়া হাউজিং রোডে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অন্য দুই গ্রেফতারকৃত হলেন মো. বিল্লাল হোসেন (৪১) ও মো. আবুল বাশার (৪৭)। এসআরবি-২-এর তথ্য অনুযায়ী, তারা গোপালগঞ্জে নাশকতা সৃষ্টির সঙ্গে জড়িত এবং ঢাকায় আত্মগোপন করে ছিলেন।
গোয়েন্দা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা ওই এলাকায় বাসিন্দা নয়। এসআরবি-২-এর অভিযানে তাদের আটক করা হয় নাশকতা সৃষ্টির আগেই। প্রাথমিক তথ্যানুসন্ধানে জানা গেছে, তারা গোপালগঞ্জের বাসিন্দা এবং নিষিদ্ধ যুবলীগের সদস্য।
কাজী নুরুল আমিন তুহিন কাশিয়ানী থানা যুবলীগের সাবেক সভাপতি হিসেবে পরিচিত। এছাড়া, তিনি আওয়ামী লীগের ৫১ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক ছিলেন। এসআরবি-২ দাবি করেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা নাশকতা করে জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থানের কথা স্বীকার করেছেন।
তুহিনের বিরুদ্ধে গোপালগঞ্জের কাশিয়ানী থানায় হত্যাচেষ্টা, বেআইনি সমাবেশ, অনধিকার প্রবেশ, চুরি, অগ্নিসংযোগ, মারধর ও গুরুতর জখমের অভিযোগে মামলা রয়েছে। এছাড়া, ঢাকা মহানগর পুলিশের যাত্রাবাড়ী থানায় খুন, হত্যাচেষ্টা, গুরুতর জখম, অপরাধমূলক ষড়যন্ত্র, দাঙ্গা ও বেআইনি সমাবেশের অভিযোগে আরও একটি মামলা রয়েছে।