তৈরি পোশাক খাতকে অস্থির করার জন্য পতিত ফ্যাসিবাদ উঠে পড়ে লেগেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
শামা ওবায়েদ বলেন, দেশের মানুষের প্রতি ফ্যাসিস্টদের কোনো দায়বদ্ধতা ও ভালোবাসা নেই। তিনি উল্লেখ করেন, গত ১৭ বছরে ফ্যাসিস্টরা সকল গণতান্ত্রিক, আর্থিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে।
তিনি বলেন, দেশে যখন গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে, তখন ফ্যাসিস্টরা সেই পরিবেশ বিনষ্ট করার ষড়যন্ত্র করছে। বর্তমান সময়ে যখন অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো উন্নতি করছে এবং বিদেশি বিনিয়োগ বাড়ছে, তখনই ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠছে।
পোশাক শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করতে সরকার আলোচনা করছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মানুষের মৌলিক অধিকার নিশ্চিতের চেষ্টা করছে সরকার।