পিরোজপুরের ভান্ডারিয়ায় দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় এক বাস হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার ভোররাতে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে। নিহতের নাম মো. সিয়াম (২৫), তার বাড়ি বরিশালের উজিরপুর উপজেলায়।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জগলুল হাসান জানিয়েছেন, স্থানীয়দের মাধ্যমে জানা যায়, বরিশাল মালিক সমিতির ‘বাহক’ এবং ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ নামের দুটি বাসে আগুন দেওয়া হয়।
ঘটনার পর টহলরত পুলিশ সদস্যরা দ্রুত আশপাশের বাসে ঘুমিয়ে থাকা ব্যক্তিদের নিরাপদ স্থানে সরিয়ে দেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ সময় ‘বাহক’ নামের বাসটির ভেতর থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়। সিয়াম দুর্ঘটনার সময় ঘুমন্ত ছিলেন বলে জানা গেছে। পরে মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।