বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

অতিবৃষ্টিতে মাটির ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু

নরসিংদীর রায়পুরায় অতিবৃষ্টিতে মাটির ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু হয়েছে।

অতিবৃষ্টিতে মাটির ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু

নরসিংদীর রায়পুরায় অতিবৃষ্টির কারণে মাটির ঘরের দেয়াল ধসে তানঝুমা আক্তার (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মরজাল ইউনিয়নের মরজাল মাইজপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

রায়পুরা থানার ওসি মো. মজিবুর রহমান জানান, নিহত তানঝুমা ওই এলাকার আপেল মিয়ার মেয়ে এবং স্থানীয় মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, দুপুরে স্কুল ছুটি শেষে তানঝুমা বাড়ি ফেরার সময় বাড়ির পাশে থাকা একটি পরিত্যক্ত মাটির ঘরের দেয়াল হঠাৎ ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মরজাল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য আছমা বেগম জানান, এই দুর্ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশুর বাবা বর্তমানে কক্সবাজারে অবস্থান করছেন এবং তিনি বাড়িতে ফিরলে তানঝুমার দাফন সম্পন্ন করা হবে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

বিজ্ঞাপন