মেহেরপুরে উপজেলা পর্যায়ে নির্মিত তিনটি আধুনিক মার্কেট বছরের পর বছর তালাবদ্ধ রয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অধীনে ২০২১ সালে ১ কোটি ৬৬ লাখ টাকা খরচে শ্যামপুর বাজারে একটি মার্কেট নির্মাণ করা হয়। কিন্তু এটি এখনো চালু করা সম্ভব হয়নি।
স্থানীয়দের অভিযোগ, মার্কেটগুলো অপরিকল্পিতভাবে গড়ে ওঠায় দোকান বরাদ্দ নেওয়ার জন্য কেউ আগ্রহী হচ্ছেন না। গাংনী উপজেলার ভাটপাড়া ও মুজিবনগর কেদারগঞ্জ বাজারের ভবন দুটি একই অবস্থায় রয়েছে। প্রশাসনিক জটিলতার কারণে এসব মার্কেটের দোকান বরাদ্দ দেওয়া সম্ভব হয়নি বলে জানা গেছে।
এ বিষয়ে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর জানান, 'উপজেলা লেবেলে এলজিইডি কর্তৃক নির্মিত ভবনগুলোতে মোটামুটি দশটি দোকান রয়েছে। এই মার্কেটগুলোর উদ্দেশ্য ছিল স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থে দোকান বরাদ্দ দেওয়া। কিছু উপজেলায় দোকান হস্তান্তর হয়েছে, কিছু উপজেলায় হয়নি।'
তিনি আরও বলেন, 'সদর উপজেলার কাজ সম্পন্ন হলে, নীতিমালা মেনে যারা আবেদন করবেন, তাদের যাচাই-বাছাই করে বরাদ্দ দেওয়া হবে।' স্থানীয় ব্যবসায়ীরা মার্কেটগুলো চালুর দাবি জানিয়েছেন, যাতে তারা তাদের কার্যক্রম পরিচালনা করতে পারেন।