ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিজিবির অভিযান চলাকালে চোরাকারবারিদের পালিয়ে যেতে বাধ্য করেছে। শনিবার (২১ নভেম্বর) রাত ২টার দিকে কামালমোড়া এলাকায় অভিযান চালিয়ে বিজিবির ২৫ ব্যাটালিয়ন ৫ হাজার ৭৬০ পিস ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করে, যার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৬০ লাখ ৮০ হাজার টাকা।
বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি টহল দল সীমান্ত পিলার ২০০৭/৭-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয়। এ সময় ১৫ থেকে ২০ জনের একটি দল ভারত থেকে মাথায় কার্টন নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়। বিজিবি তাদের ধাওয়া করলে চোরাকারবারিরা কার্টন ফেলে পালিয়ে যায়।
তল্লাশির সময় স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়। জব্দকৃত মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে।
এদিকে, গত বছরের নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত সরাইল ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদকসহ প্রায় ১০৭ কোটি টাকা মূল্যের অন্যান্য চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। সব মিলিয়ে জব্দ পণ্যের মূল্য ১১২ কোটি ৩৪ লাখ ৬১ হাজার ৫৭১ টাকা। বিজিবি জানায়, এসব ঘটনায় ২৪ জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজয়নগর ও আখাউড়া উপজেলা এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত রয়েছে।