সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

আখাউড়া সীমান্তে বাংলাদেশি কিশোর শাকিলের মরদেহ ফেরত দিল বিএসএফ

আখাউড়া সীমান্তে বিএসএফের কাছে বাংলাদেশি কিশোর শাকিলের মরদেহ হস্তান্তর।

আখাউড়া সীমান্তে বাংলাদেশি কিশোর শাকিলের মরদেহ ফেরত দিল বিএসএফ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক সীমান্তে উদ্ধার হওয়া শাকিল নামের এক বাংলাদেশি কিশোরের মরদেহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় আখাউড়ার ভুনবন ও ভারতের ত্রিপুরা রাজ্যের সানমুড়া বর্ডার সংলগ্ন ২০২২-৯এস সীমান্ত পিলার এলাকা দিয়ে আনুষ্ঠানিকভাবে মরদেহটি বিজিবির কাছে তুলে দেয় বিএসএফ।

নিহত শাকিল আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাপুর পূর্বপাড়ার বাসিন্দা মালু মিয়ার ছেলে। তার পরিবার জানায়, শাকিল মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং গত বুধবার রাত সাড়ে ১২টার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

বিজিবির ফকিরমুড়া ক্যাম্পের কমান্ডার নিরাময় চাকমা জানান, বাংলাদেশ-ভারত সীমান্তের সানমুড়া কাঁটাতারের বেড়ার পাশে কিশোরের নিথর দেহ প্রথমে বিএসএফের নজরে আসে। শনিবার সন্ধ্যার পর বিএসএফের মাধ্যমে খবর পেয়ে ফকিরমুড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা এবং আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম ঘটনাস্থলে পৌঁছান।

উভয় দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সমন্বয়ে পরিচয় শনাক্ত ও উদ্ধার কার্যক্রম চালাতে গভীর রাত হয়ে যায়। রাত আনুমানিক ২টার দিকে ত্রিপুরা রাজ্যের বিএসএফ লঙ্কামুড়া ক্যাম্প ও আগরতলা পশ্চিম থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। পরবর্তীতে, আগরতলা পশ্চিম থানা পুলিশ হাসপাতালের ময়নাতদন্ত সম্পন্ন করার পর রবিবার সন্ধ্যায় তা বিজিবির কাছে হস্তান্তর করে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ মরদেহ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে মানসিক ভারসাম্যহীন ওই কিশোর কীভাবে সীমান্তের শূন্যরেখায় পৌঁছাল এবং তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ কী, সে সম্পর্কে নিশ্চিত হতে পারেননি। এ ঘটনার ফলে সীমান্ত এলাকার স্থানীয় বাসিন্দাদের মাঝে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

বিজ্ঞাপন