মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের মধ্যে গোলাগুলি ঘটেছে। এই ঘটনায় বিজিবি আহত অবস্থায় এক ভারতীয় চোরাকারবারিকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার রাতে কুমারশাইল সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা যায়, ভারতীয় একটি চোরাকারবারি চক্র কুমারশাইল সীমান্ত দিয়ে বাংলাদেশে মাদক ও অবৈধ অস্ত্র প্রবেশের চেষ্টা করছিল। এই তথ্যের ভিত্তিতে বিজিবির বিশেষ টহল দল সেখানে অবস্থান নেয়।
সন্দেহভাজন চোরাকারবারিদের চ্যালেঞ্জ করার সময় তারা বিজিবি সদস্যদের ওপর হামলা চালায়। বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান জানান, আত্মরক্ষার্থে বিজিবি গুলি চালায়।
গোলাগুলির পর কয়েকজন চোরাকারবারি পালিয়ে গেলেও আহত অবস্থায় ভারতীয় নাগরিক বলাই দাসকে আটক করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।