সিরাজগঞ্জ সদরে একটি ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় দুজন নিহত হয়েছেন এবং একজন আহত হয়েছেন। এ দুর্ঘটনা ঘটেছে আজ শুক্রবার ভোর ৫টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বহুতি বটতলায়।
স্থানীয় পুলিশ ও সূত্র জানায়, নিহতদের মধ্যে একজন সিএনজি চালক আশিক এবং অন্যজন যাত্রী ঠাকুর হালদার। দুর্ঘটনার সময় ঠাকুর হালদারের ছেলে বিষ্ণ হালদার আহত হন এবং তাকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঠাকুর হালদার ও তার ছেলে মাছ ধরার জন্য বাড়ি থেকে বের হয়ে কামারখন্দ উপজেলার বাজার ভদ্রঘাট থেকে সিএনজিতে সিরাজগঞ্জ শহরের দিকে আসছিলেন। দ্রুত গতির সিএনজিটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়, ফলে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়।
ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর পর নিহতদের পরিবারের সদস্যরা লাশ নিয়ে বাড়ি চলে যান। এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।