ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৭টায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার জিংলাতলী গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে নজরুল ইসলাম (৬২) ও তার স্ত্রী ঝরনা বেগম (৪৮)। পুলিশ তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমলাল দাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফজর নামাজ পড়ে ভোরে জিংলাতলী গ্রামের বাড়ি থেকে হাঁটতে হাঁটতে মহাসড়কের গৌরীপুর ইউনিয়নের হরিপুরের কাছে আসছিলেন নজরুল ইসলাম ও ঝরনা বেগম।
এসময় হঠাৎ একটি অজ্ঞাত গাড়ি তাদের চাপা দিয়ে চলে যায়। আনুমানিক এক ঘণ্টা পর অন্য পথচারীরা তাদের পড়ে থাকতে দেখে। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গৌরীপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ওসি জানান, দুর্ঘটনার সময় মহাসড়কে সিসি ক্যামেরার ফুটেজ দেখে গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।