ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কুমিল্লায় টানা চার দিনের বৃষ্টিতে কৃষি খাতে ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বৃষ্টির ফলে ২ হাজার ৩৪১ হেক্টর জমির ফসল ক্ষতির ঝুঁকিতে রয়েছে।
বৃষ্টির কারণে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে শীতকালীন সবজি, পাশাপাশি সরিষা, রোপা আমন, মরিচ ও ধনিয়াসহ বিভিন্ন ফসলের জমিও আক্রান্ত হয়েছে। জেলার এক লাখ ২৯ হাজার ৯৬৩ হেক্টর আবাদি জমির মধ্যে বুড়িচং উপজেলা সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে, যেখানে ৫৮৭ হেক্টর জমি ক্ষতির মুখে পড়েছে।
মুরাদনগরে ৩৬৫, দেবিদ্বারে ২৮৯, হোমনায় ২০৯, ব্রাহ্মণপাড়ায় ২০৫, চান্দিনায় ১৩৭ এবং দাউদকান্দিতে ১২৮ হেক্টর জমি আক্রান্ত হয়েছে। ফসলভিত্তিক হিসাবে, জেলায় ১ হাজার ৭৬ হেক্টর সবজির জমি বৃষ্টিতে আক্রান্ত হয়েছে।
এছাড়াও, সরিষার ৩৮১, রোপা আমনের ২১৮, মরিচের ১২৭, ধনিয়ার ১২০, ভুট্টার ৮৭ এবং বোরো ধানের বীজতলার ৫০ হেক্টর জমি ক্ষতির ঝুঁকিতে রয়েছে। চান্দিনা, দেবিদ্বার ও বুড়িচং উপজেলার বিভিন্ন এলাকায় সবজির খেত ঘুরে দেখা গেছে, টানা বৃষ্টিতে অনেক জমিতে পানি জমে আছে।
কৃষকরা জানান, বৃষ্টির পানিতে গাছ হেলে পড়েছে এবং সবজির বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষক জাহাঙ্গীর আলম বলেন, "আমি ৬০ শতাংশ জমিতে মুলার চাষ করেছি, এর মধ্যে ৩০ শতাংশ জমির মুলা আগামী ৮ থেকে ১০ দিনের মধ্যে তোলার উপযোগী হওয়ার কথা ছিল।"
তিনি আরও জানান, বৃষ্টির কারণে অধিকাংশ গাছ হেলে পড়েছে এবং মুলার গায়ে দাগ পড়লে ভালো দাম পাওয়া কঠিন হবে। চান্দিনা উপজেলা কৃষি কর্মকর্তা মোরশেদ আলম জানান, টানা বৃষ্টিতে মুলা, টমেটো, ফুলকপি, বাঁধাকপি ও শসাসহ বিভিন্ন সবজির বেশি ক্ষতির আশঙ্কা রয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, "আক্রান্ত জমির ফসলের ক্ষয়ক্ষতি নির্ভর করছে পরবর্তী আবহাওয়ার ওপর।" তিনি জানান, রবিবার রোদ উঠলে ক্ষতির পরিমাণ কমে আসতে পারে, তবে বৃষ্টি অব্যাহত থাকলে ক্ষতির মাত্রা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।