প্রধানমন্ত্রী তারেক রহমান ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬-এর উদ্বোধন করেছেন। আজ রোববার সকাল ১১টা ৬ মিনিটে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মেলার উদ্বোধন করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে এসএমই খাতের উন্নয়নে এসএমই ফাউন্ডেশনের কার্যক্রম ও প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরে একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। ভিডিওতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ২০০৩ সালে গঠিত প্রথম জাতীয় এসএমই টাস্কফোর্সের বিষয়টি তুলে ধরা হয়।
মেলার উদ্দেশ্য দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) শিল্পের বিকাশ, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং কর্মসংস্থান বৃদ্ধি করা। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে সাতটি ক্যাটাগরি ও একটি বিশেষ ক্যাটাগরিতে মোট নয়জন উদ্যোক্তার হাতে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২৬ তুলে দেন।
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে বর্ষসেরা মাঝারি, ক্ষুদ্র ও মাইক্রো উদ্যোক্তা, বর্ষসেরা স্টার্টআপ, গ্রিন এসএমই বিজনেস এবং প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা অন্তর্ভুক্ত রয়েছেন। পুরস্কারপ্রাপ্তরা প্রধানমন্ত্রীর সঙ্গে গ্রুপ ফটোসেশনে অংশ নেন।
এবারের মেলায় সারাদেশের ৪৫০টিরও বেশি প্রতিষ্ঠান এবং ৩৮০ জন উদ্যোক্তা অংশ নিয়েছেন, যার প্রায় ৬০ শতাংশ নারী উদ্যোক্তা। মেলায় পাদুকা, চামড়াজাত পণ্য, হস্তশিল্প, ফ্যাশন ডিজাইন, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হারবাল পণ্য, জুয়েলারি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং ‘এক গ্রাম এক পণ্য’ উদ্যোগের আওতাভুক্ত প্রতিষ্ঠানগুলো অংশ নিচ্ছে।
দেশীয় উৎপাদনকারী ও সেবামূলক ক্ষুদ্র, মাইক্রো ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা তাদের পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ পাচ্ছেন, যেখানে বিদেশি বা আমদানিকৃত পণ্য প্রদর্শন ও বিক্রি নিষিদ্ধ। সরকার সিএমএসএমই উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তি সহজ করার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।
অনুষ্ঠানে শিল্প, বাণিজ্য ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক এবং শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান উপস্থিত ছিলেন। মেলায় প্রবেশের জন্য কোনো ফি লাগবে না এবং এটি আগামী ২৮ নভেম্বর পর্যন্ত চলবে।