বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, সরকার দেশে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে চায়। এই লক্ষ্যে শিগগিরই জাতীয় এসএমই নীতিমালা-২০২৬ এর খসড়া অনুমোদন করবে মন্ত্রিসভা।
রোববার (২২ নভেম্বর) জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করার পরিকল্পনা রয়েছে। সরকার শিল্পখাতের প্রতিবন্ধকতা দূর করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।
প্রধানমন্ত্রী বলেন, সহজ শর্তে ঋণ প্রদান, আধুনিক প্রশিক্ষণসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এসএমই পণ্যের আধুনিক মান বজায় রাখা, প্যাকেজীকরণ ও বিশ্ববাজারে প্রবেশে সহযোগিতা করা হবে।
তিনি আরও জানান, এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে ৫ বছরে কমপক্ষে ৫০ হাজার উদ্যোক্তাকে ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিং ও ই-কমার্স বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সাতটি বিভাগ ও একটি বিশেষ বিভাগে মোট ৮ জন উদ্যোক্তাকে এসএমই উদ্যোক্তা পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। সভাপতিত্ব করেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
এই জাতীয় এসএমই পণ্য মেলায় এবার অংশ নিয়েছেন ৩৮০ জন উদ্যোক্তা।