বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

প্রধানমন্ত্রী লালমনিরহাট সফরে, উৎসবের আমেজ জেলায়

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার লালমনিরহাট সফরে যাচ্ছেন, জেলায় উৎসবের আমেজ।

প্রধানমন্ত্রী লালমনিরহাট সফরে, উৎসবের আমেজ জেলায়

আগামীকাল বৃহস্পতিবার লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফর ঘিরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, শিল্পায়ন ও কর্মসংস্থানের নতুন স্বপ্ন দেখছেন জেলাবাসী।

সফরের আগে পুরো শহর সাজানো হয়েছে। স্থানীয় নেতা-কর্মীরা উচ্ছ্বসিত। লালমনিরহাট জেলা ভৌগোলিক অবস্থান, তিস্তা-ধরলা নদী ও মোগলহাট স্থলবন্দর দ্বারা সম্ভাবনাময় জেলা হিসেবে পরিচিত।

তবে এই জনপদ নদীভাঙন, বেকারত্ব, শিল্পকারখানার অভাব, যোগাযোগ, শিক্ষা ও চিকিৎসা সেবায় অনেক পিছিয়ে রয়েছে। স্থানীয়দের দাবি, ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং বুড়িমারী-লালমনিরহাট মহাসড়ক চার লেনে উন্নীত করা প্রয়োজন।

স্থানীয় এক নারী বলেন, ‘আমাদের নদী ভাঙন ঠেকালে আমরা একটু রক্ষা পাই। প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি শুধু এইটাই।’

আরেক বাসিন্দা জানান, ‘তিস্তার কাজটা করে দিলে আমাদের জন্য খুব ভালো হবে। এইটা হলে আমাদের অনেক কষ্ট কমে যাবে।’

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সফরে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় পরিদর্শন এবং মহেন্দ্রনগর পানি নিষ্কাশন মডেল খাল খনন কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে। পরে জেলা কালেক্টরেট মাঠে জনসভায় যোগদান করবেন তিনি।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, ‘প্রথমে প্রধানমন্ত্রী সিভিল অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয়ে নামবেন। এরপর খাল কাটা কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।’

সরকার প্রধানের সফর ঘিরে জেলা প্রশাসন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে এবং বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। লালমনিরহাট জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, ‘জেলা পুলিশের পক্ষ থেকে আমরা তিন স্তরের নিরাপত্তা নিশ্চিত করেছি।’

জেলাবাসী আশা করেন, প্রধানমন্ত্রীর এই সফর তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করবে।

বিজ্ঞাপন