আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশের ৬ অঞ্চলে রাতের মধ্যে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই ঝড়ের গতিবেগ সর্বোচ্চ ৬০ কিলোমিটার হতে পারে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকাল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। এর সঙ্গে বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
এসব অঞ্চলের নৌবন্দরসমূহকে ১ নম্বর সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় 'আকভান' সামান্য উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। মঙ্গলবার দুপুর ১২ টায় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১২৯০ কি.মি. দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বুধবার দুপুর নাগাদ অতি প্রবল ঘূর্ণিঝড় আকারে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কি.মি. এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কি.মি., যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
রাজধানী ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে আজ বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ আংশিক মেঘলা থাকবে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।