বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

১২ জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়ের পূর্বাভাস

১২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

১২ জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়ের পূর্বাভাস

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর দেশের ১২ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে বজ্রবৃষ্টিসহ ঝড়ের পূর্বাভাস দিয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এছাড়া, এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতির কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেয়া হয়েছে।

সকালের পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

এছাড়া, সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বিজ্ঞাপন