বুধবার, ২৪ জুন, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

জার্মানিতে বিষাক্ত শুঁয়োপোকার প্রাদুর্ভাব, স্বাস্থ্যঝুঁকি বাড়ছে

জার্মানিতে বিষাক্ত শুঁয়োপোকার প্রাদুর্ভাবে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে, কর্তৃপক্ষ পার্কগুলো বন্ধ করেছে।

জার্মানিতে বিষাক্ত শুঁয়োপোকার প্রাদুর্ভাব, স্বাস্থ্যঝুঁকি বাড়ছে

জার্মানিতে হঠাৎ করে বিষাক্ত শুঁয়োপোকার প্রাদুর্ভাব দেখা দিয়েছে, যা স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে তুলছে। কর্তৃপক্ষ বার্লিনসহ বিভিন্ন এলাকার পার্কগুলো বন্ধ করার নির্দেশ দিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ওক প্রোসেশনারি মথ নামের এই শুঁয়োপোকা কাঁটযুক্ত লোমে আবৃত থাকে, যা বিষাক্ত। এই লোম মানুষের ত্বকে লাগলে চুলকানি, চোখ ওঠা এবং শ্বাসকষ্টের মতো সমস্যা সৃষ্টি করতে পারে। বিষাক্ত লোম বাতাসের মাধ্যমে দূর-দূরান্তেও ছড়িয়ে পড়তে সক্ষম।

বার্লিনের শার্লটেনবার্গ-উইলমার্সডর্ফ, স্প্যান্ডাউ এবং ফ্রিডরিশশাইন-ক্রয়েজবার্গ এলাকা এই প্রাদুর্ভাবের হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে। নগর কর্তৃপক্ষ পার্কগুলো লাল ও সাদা রঙের টেপ দিয়ে ঘিরে দিয়েছে, যাতে মানুষ সেখানে প্রবেশ করতে না পারে।

এক কর্মকর্তা জানান, একটি পার্কের প্রায় ২ হাজার গাছে এই শুঁয়োপোকা আক্রমণ করেছে। তবে এই সমস্যাটি পুরোপুরি নির্মূলের কোনো উপায় দেখা যাচ্ছে না। এজন্য পার্কটিতে দর্শনার্থীদের যাতায়াত সীমিত করা হয়েছে।

তিনি আরো জানান, তাঁর দল প্রতিদিন প্রায় ২০টি গাছ পরিষ্কারের লক্ষ্যে কাজ করছে, কিন্তু গাছভেদে সংক্রমণের মাত্রা ভিন্ন। গত সপ্তাহে একটি গাছেই প্রায় ৮০০টি বাসা পাওয়া গেছে, যার পরিষ্কারে সময় লাগে ২ দিন।

ইপিএস-রাডার নামের একটি ওয়েবসাইট জানিয়েছে, হামবুর্গ এবং পশ্চিম জার্মানির উত্তর রাইন-ওয়েস্টফালিয়া রাজ্যেও এই শুঁয়োপোকার ব্যাপক সংক্রমণের খবর পাওয়া গেছে। গরম ও শুষ্ক আবহাওয়া এই শুঁয়োপোকার বংশবৃদ্ধির জন্য সহায়ক। জলবায়ু পরিবর্তন এবং জীববৈচিত্র্য হ্রাসের কারণে এর প্রাদুর্ভাব বেড়ে গেছে বলে জানাচ্ছে ইপিএস-রাডার।

বিজ্ঞাপন