আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নতুন একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এর প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলসহ কয়েকটি বিভাগে আগামী ৫ দিন বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে।
সোমবার (১২ অক্টোবর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস জানায়, মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৯টার মধ্যে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া, দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে এবং ঢাকা ও সিলেট বিভাগের দু-এক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে সন্দ্বীপে এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।