ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে, ফলে চলতি বছরে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩০৩ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৯৯ হাজার ২৭৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৯৩ জন। ঢাকা বিভাগে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি, যেখানে ১০৩০ জনের সংক্রমণ ঘটেছে। অন্য বিভাগগুলোর মধ্যে বরিশালে ২৩৬, চট্টগ্রামে ২৯৩, খুলনায় ৩০৪, ময়মনসিংহে ৭০, রাজশাহীতে ১৬০, রংপুরে ৮৪ এবং সিলেটে ১৬ জন আক্রান্ত হয়েছেন।
চিকিৎসকরা ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন। তাদের মতে, জটিল লক্ষণ না থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় চিকিৎসা নিয়ে সেরে ওঠা সম্ভব। তবে তীব্র লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে যেতে হবে।
ডেঙ্গুর প্রাথমিক লক্ষণের মধ্যে রয়েছে উচ্চ মাত্রার জ্বর, সারাগায়ে ব্যথা, মাথা ও চোখে ব্যথা, ক্ষুধা কম লাগা, বমি, পাতলা পায়খানা, শরীর চুলকানো এবং লালচে দানা বা ফুসকুড়ি ওঠা।
মেডিসিন বিশেষজ্ঞ ডা. নীহার রঞ্জন দাস বলেন, ‘বেশিরভাগ রোগী বাসায় চিকিৎসা নিয়ে ডেঙ্গু থেকে সেরে ওঠেন। প্রয়োজন পর্যাপ্ত বিশ্রাম এবং প্রচুর পানি ও তরল খাবার গ্রহণ। তবে, মারাত্মক লক্ষণ দেখা দিলে দ্রুত যেতে হবে হাসপাতালে।’