সরকারি হাসপাতালের চিকিৎসকদের বদলি ও পদায়নে তদবির ও রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে অটোমেশন পদ্ধতি চালু করা হয়েছে। প্রথম পর্যায়ে ৯৫ জন জুনিয়র কনসালট্যান্টকে আধুনিক অটোমেশন পদ্ধতিতে বদলি করা হয়।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিতও উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, পর্যায়ক্রমে পুরো স্বাস্থ্য মন্ত্রণালয়কে অটোমেশন ব্যবস্থার আওতায় আনা হবে। তিনি বলেন, "৫ বছরের বেশি বয়সীদের হামের টিকার আওতায় আনার বিষয়ে সরকার ভাবছে।"
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেন, চিকিৎসকদের চাকরির মেয়াদ, ডিগ্রি, নিজ বাড়ি এবং ব্যক্তিগত চয়েসের ওপর ভিত্তি করে তৈরি ম্যাট্রিক্স ও অ্যালগরিদমের মাধ্যমে পদায়ন করা হয়েছে। এর ফলে দীর্ঘদিন ধরে চলে আসা বদলি বাণিজ্য ও তদবির সংস্কৃতির অবসান ঘটবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও জানান, "২০২৩ সালের তুলনায় এ বছর ডেঙ্গুতে মৃত্যুর হার চার ভাগের এক ভাগে নেমে এসেছে।"