বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

মক্কার ক্লক টাওয়ার পেলো ২টি গিনেস রেকর্ডের স্বীকৃতি

মক্কার ক্লক টাওয়ার নতুন করে ২টি গিনেস রেকর্ডের স্বীকৃতি পেয়েছে, যা এর গৌরবময় ইতিহাসকে আরও সমৃদ্ধ করেছে।

মক্কার ক্লক টাওয়ার পেলো ২টি গিনেস রেকর্ডের স্বীকৃতি

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার বিখ্যাত ক্লক টাওয়ার নতুন করে দু'টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি পেয়েছে। এই স্বীকৃতি অনুযায়ী, ভবনটির জাদুঘর বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত এবং উন্মুক্ত পর্যবেক্ষণ ডেকও বিশ্বের সর্বোচ্চ।

মক্কা সিটি ও পবিত্র স্থানগুলোর উন্নয়নবিষয়ক রয়্যাল কমিশন সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সনদ গ্রহণ করেছে। ক্লক টাওয়ারের জাদুঘরটি ভূপৃষ্ঠ থেকে ৪২৬ দশমিক ৮৭৫ মিটার উচ্চতায় অবস্থিত, আর পর্যবেক্ষণ ডেকের উচ্চতা ৫৬০ দশমিক ৮৭৫ মিটার।

এই পর্যবেক্ষণ ডেক থেকে পবিত্র মসজিদুল হারাম ও আশপাশের পুরো শহরের বিস্তৃত দৃশ্য দেখা যায়। ক্লক টাওয়ার মিউজিয়ামটি ২০১৯ সালের মে মাসে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়, যেখানে জ্যোতির্বিজ্ঞান, সময় গণনা, মক্কার ইতিহাস ও ঘড়ির নির্মাণের নানা দিক তুলে ধরা হয়েছে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, জাদুঘরটির উচ্চতা নির্ধারণের ক্ষেত্রে ভূপৃষ্ঠ থেকে সবচেয়ে কাছের মিলিমিটার পর্যন্ত পরিমাপ করা হয়েছে। ক্লক টাওয়ারের মোট উচ্চতা ৬০১ মিটার, যা ২০১২ সালে নির্মাণকাজ সম্পন্ন হয়।

এছাড়া, টাওয়ারটির ঘড়ির ডায়ালগুলো লন্ডনের এলিজাবেথ টাওয়ারের ঘড়ির ডায়ালের তুলনায় প্রায় ছয় গুণ বড়। ২০১১ সালে ঘড়ির বিশালত্বের জন্যও গিনেস রেকর্ডসের স্বীকৃতি পেয়েছিল ক্লক টাওয়ার।

রয়্যাল কমিশন জানিয়েছে, এই স্বীকৃতিগুলো মক্কার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর উন্নয়ন এবং দর্শনার্থীদের অভিজ্ঞতা সমৃদ্ধ করার প্রচেষ্টার প্রতিফলন।

বিজ্ঞাপন