সশস্ত্র বাহিনী উজ্জীবিত থাকলে দেশকে কেউ তাঁবেদারি রাষ্ট্রে পরিণত করতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘২৪-এর গণঅভ্যুত্থানে স্বৈরাচার বিদায়ে সশস্ত্র বাহিনী যুগান্তকারী ভূমিকা পালন করেছে। সশস্ত্র বাহিনী উজ্জীবিত থাকলে দেশকে কেউ তাঁবেদারি রাষ্ট্রে পরিণত করতে পারবে না।’
সশস্ত্র বাহিনীকে আরও আধুনিকায়নের পরিকল্পনা তুলে ধরে সরকার প্রধান বলেন, ‘দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সশস্ত্র বাহিনী জাতির আস্থার প্রতীক।’
বাহিনীর গৌরবময় ইতিহাস তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং সশস্ত্রবাহিনীর জন্ম ইতিহাস একই সূত্রে গাঁথা। মুক্তিযুদ্ধের মাধ্যমে গঠিত হয়েছিল সশস্ত্রবাহিনী।’
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লব এবং ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি আত্মমর্যাদাশীল ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার ওপর জোর দেন প্রধানমন্ত্রী।