ফরিদপুর শহরের নিলটুলীতে অবস্থিত শত বছরের পুরাতন কালীবাড়ী মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে পূজা-অর্চনা শেষে মন্দিরের দরজা ও কেচি গেটের তালা ভেঙে দুর্বৃত্তরা কষ্টিপাথরের কালীমূর্তি সহ ৮ দেব-দেবীর পিতল ও রূপার মূর্তি এবং প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়।
মন্দিরের সেবায়েত দেব প্রসাদ চক্রবর্তী মন্দিরে তালা লাগিয়ে বাড়ি চলে যান। রবিবার সকালে মন্দিরে পূজা দিতে এসে তিনি দেখেন মন্দিরের গেটের সবগুলো তালা ভাঙা এবং দরজা খোলা রয়েছে। মন্দিরে প্রবেশ করে তিনি দেখতে পান কষ্টিপাথরের কালীমূর্তি, পিতলের গণেষ, নারায়ণ, লক্ষী এবং রুপার মনসা, বিষ্ণু, গোপাল ও শিব লিঙ্গের মূর্তি এবং মূর্তির গায়ে থাকা স্বর্ণালঙ্কার নেই।
এই ঘটনার পর মন্দির কমিটির সভাপতি কুশল চক্রবর্তী কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমীর হোসেন, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান ও সিআইডির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি মাহমুদুল হাসান জানান, মন্দিরের মূর্তি চুরির বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। জড়িতদের গ্রেফতারে ইতিমধ্যে পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা শুরু করেছে।