ঝিনাইদহের কালীগঞ্জে ইয়াবা সেবনরত অবস্থায় নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শামীম হোসেনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ঝিনাইদহের সিনিয়র চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কালীগঞ্জ আমলী আদালতের বিচারক সভ্য সাচী রায় এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, শামীম হোসেনের বিরুদ্ধে ডোপ টেস্টে মাদক সেবনের তথ্য পাওয়ার পর তাকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরও ১০ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।
কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী জানান, শনিবার দুপুরে কালীগঞ্জ থানার এসআই নাহিদুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে শামীম হোসেনকে ইয়াবা সেবনরত অবস্থায় গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শামীম হোসেন কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আরব আলীর ছেলে। তাকে ঝিনাইদহ সিভিল সার্জন অফিসে নিয়ে ডোপ টেস্ট করা হলে প্রতিবেদনে ইয়াবা ও গাঁজা সেবনের ফলাফল পজিটিভ আসে।