বুধবার, ০৫ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ফ্যাসিবাদের উত্থান প্রতিরোধে পুলিশ আরো কঠোর হবে: ডিআইজি মোস্তাফিজুর রহমান

ফ্যাসিবাদের উত্থান প্রতিরোধে পুলিশ কঠোর পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছে ডিআইজি মোস্তাফিজুর রহমান।

ফ্যাসিবাদের উত্থান প্রতিরোধে পুলিশ আরো কঠোর হবে: ডিআইজি মোস্তাফিজুর রহমান

খুলনার রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেছেন, ‘কোনোভাবেই ফ্যাসিবাদের উত্থান ঘটতে দেওয়া হবে না। ফ্যাসিস্টদের দমনে পুলিশ আরও কঠোর হবে।’

তিনি সোমবার (৩ আগস্ট) ঝিনাইদহে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ৫ ও ১৫ আগস্টকে ঘিরে পুলিশ প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়ে মাঠে থাকবে বলেও জানান তিনি।

মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করে ডিআইজি বলেন, ‘সরকারের এই প্রতিশ্রুতি বাস্তবায়নে পুলিশ পুরোপুরি প্রস্তুত।’ তিনি জানান, কোনো পুলিশ সদস্য যদি মাদকে জড়িয়ে পড়ে, তবে ডোপ টেস্টের মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ডাকাতি ও দস্যুতা দমনের জন্য পুলিশ সুপারদের নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘সততা, দক্ষতা, যোগ্যতা এবং সমাজের প্রতি দায়বদ্ধতা রয়েছে, এমন অফিসারদেরই পদায়ন করা হবে।’

নারীদের ওপর সহিংসতা দমনে ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। শিশু ও যুবসমাজকে ভালো কাজের দিকে এগিয়ে নিতে পুলিশ সম্প্রীতিমূলক পদক্ষেপ গ্রহণ করেছে বলেও তিনি জানান।

সভায় ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান বলেন, সন্ত্রাস, মাদক ও সামাজিক দ্বন্দ্ব নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলা পুলিশ ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। ইতোমধ্যে ডাকাত ও চোরচক্র ধরা হয়েছে।

তিনি জানান, ফেসবুকে বিদ্বেষ ও গুজব ছড়াকারীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সুপার জনবল সংকটের কথা তুলে ধরে বলেন, গোটা জেলার প্রায় ২০ লাখ মানুষের সুরক্ষায় মাত্র ১ হাজার ৬শ' ৬৮ জন পুলিশ সদস্য কাজ করছেন।

সভায় সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক শহিদুল ইসলাম, সম্পাদক আলাউদ্দিন আজাদ এবং অন্যান্য সাংবাদিকবৃন্দ।

বিজ্ঞাপন