মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা

বেরোবিতে প্রদর্শনীকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) 'জুলুমের বিরুদ্ধে জুলাই কর্মসূচি' প্রদর্শনীর ব্যানারকে কেন্দ্র করে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (৩ আগস্ট) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতার স্মারক চত্বরে এই সংঘর্ষের সূত্রপাত হয়, যা গভীর রাত পর্যন্ত চলতে থাকে।

ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়লে পার্কের মোড় ও প্রধান ফটক এলাকায় দুই সংগঠনের সমর্থকরা অবস্থান নেয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাত্রশিবির স্বাধীনতার স্মারক চত্বরে 'জুলুমের বিরুদ্ধে জুলাই প্রদর্শনী'র আয়োজন করে। প্রদর্শনীতে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা মতিউর রহমান নিজামীসহ যুদ্ধাপরাধীদের ছবি প্রদর্শন করা হয়।

রাত ৯টার দিকে ছাত্রদলের নেতারা ওই ব্যানার সরিয়ে ফেলার দাবি জানান। ছাত্রশিবির তা সরাতে অস্বীকার করলে ছাত্রদলের নেতাকর্মীরা ব্যানারটি ছিঁড়ে ফেলেন। এর ফলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা এবং হাতাহাতি শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম শওকত আলী, প্রক্টর অধ্যাপক ফেরদৌস রহমান ও ছাত্র উপদেষ্টারা ঘটনাস্থলে উপস্থিত হন। রাত ১০টা ১৫ মিনিটে উপাচার্য কার্যালয়ে দুই ছাত্র সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদককে নিয়ে সমঝোতা বৈঠক শুরু হয়। তবে বৈঠকটি কোনো সমাধান ছাড়াই শেষ হয়।

রাত সাড়ে ১০টার দিকে আবারও দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ফেরদৌস রহমান জানান, ভিডিও ফুটেজ পর্যালোচনা করে সহিংসতায় জড়িতদের শনাক্ত করা হবে। উপাচার্য ড. এম শওকত আলী পরিস্থিতি স্বাভাবিক করতে উভয় পক্ষের নেতাদের নিয়ে আলোচনা অব্যাহত রাখার কথা জানান।

বিজ্ঞাপন