রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ঘটনার তদন্তে ৫ সদস্যের একটি কমিটি গঠন করেছে।
কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংঘর্ষের পর ক্যাম্পাসে দর্শনার্থীসহ সব ধরনের যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে।
মঙ্গলবার সকালে প্রক্টর অফিস থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
এদিকে, ছাত্রদল ও ছাত্রশিবির উভয় পক্ষ ক্যাম্পাসে পাল্টাপাল্টি সমাবেশের ডাক দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ১৪৪ ধারা জারির আবেদন করেছে।
গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ে একটি প্রদর্শনীকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।