রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অন্তত পাঁচজন আহত হয়েছেন।
ঘটনাটি ঘটে ছাত্রশিবিরের আয়োজিত ‘জুলুমের বিরুদ্ধে জুলাই’ শীর্ষক প্রদর্শনীকে কেন্দ্র করে। ছাত্রদল প্রদর্শনীতে থাকা কয়েকটি ছবি অপসারণের দাবি তোলে, যা নিয়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।
বাগবিতণ্ডা এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইট-পাটকেল ও চেয়ার নিক্ষেপে রূপ নেয়। সংঘর্ষের পর পুরো ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ক্যাম্পাসে উপস্থিত হয়। উপাচার্য ড. মোহাম্মদ শওকাত আলী বলেন, "একটি অপ্রীতিকর ঘটনার পর পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে।"
তিনি আরও জানান, জড়িতদের শনাক্ত করে তদন্ত শেষে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ক্যাম্পাসে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।