দিল্লিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের অবস্থান প্রকাশ করেছে। মঙ্গলবার এক ব্রিফিংয়ে মুখপাত্র রনধীর জয়সওয়াল জানান, এই সম্মেলনে সরকারের কোনো সম্পৃক্ততা নেই।
রনধীর বলেন, ‘বুধবার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে যে প্রেস কনফারেন্সে ভার্চুয়ালি যুক্ত হবেন, সেটি বেসরকারি সংস্থার আয়োজন। এতে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। এই ফোরামের কোনো বক্তব্য ভারত সরকার সমর্থন করে না।’
এর আগে, সোমবার ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি ভারতের সহযোগিতাও প্রত্যাশা করেন।
তৌহিদ হোসেন জানান, ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাসহ নিষিদ্ধ সংগঠনের সদস্যরা যাতে রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, সে বিষয়ে ভারতের সহযোগিতা কামনা করেন।
তিনি সতর্ক করেন যে, এ ধরনের কর্মকাণ্ড দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ভারতের হাইকমিশনার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।