রাজধানীর ঢাকা কলেজে জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে কলেজের গ্যালারি নম্বর ২-এ সংঘর্ষের এ ঘটনা ঘটে। উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে।
ঢাকা কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা বেলা দেড়টার দিকে ক্যাম্পাসে মিছিল বের করে। ছাত্রশিবিরের সূত্র জানায়, জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কলেজের গ্যালারি-২-এ শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছিল।
এদিকে, অনুষ্ঠান উপলক্ষে সাজসজ্জার কাজ চলাকালীন ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির এক সদস্যের নেতৃত্বে ২০-২৫ জন নেতাকর্মী এসে শিবিরের নেতাকর্মীদের মারধর করে। ছাত্রদল সূত্র জানায়, শিবিরের একটি কর্মসূচিকে কেন্দ্র করে বহিরাগত কর্মীরা ক্যাম্পাসে জড়ো হয়ে উসকানিমূলক কথাবার্তা বলে।
শিবির কর্মীরা ছাত্রদলের এক কর্মীকে মারধর করার পর ছাত্রদলের নেতাকর্মীরা একত্র হয়ে মিছিল বের করে। পরে শিবিরের নেতাকর্মীরা হামলা চালিয়ে ধাওয়া দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
সংঘর্ষের পর শিবির কর্মীরা কলেজ ক্যাম্পাস ত্যাগ করলে ছাত্রদলের কর্মীরা প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। উল্লেখ্য, আজ সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হস্তক্ষেপ করে।