সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

কুমিল্লায় আইফোন ছিনিয়ে নিতে পরিকল্পিত হত্যার অভিযোগ

কুমিল্লায় আইফোন ছিনিয়ে নিতে পরিকল্পিত হত্যার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

কুমিল্লায় আইফোন ছিনিয়ে নিতে পরিকল্পিত হত্যার অভিযোগ

কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানিয়েছেন, ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের কাছে থাকা আইফোন ছিনিয়ে নিতে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

তিনি বলেন, বাঁশের শক্ত লাঠি দিয়ে মাথায় আঘাত করে অপ্রতিমের মৃত্যু নিশ্চিত করা হয়। এই ঘটনায় জড়িত তিনজনকে শনাক্ত করা হয়েছে, তারা হলেন তুহিন, ফাহাদ এবং কামরুল।

রোববার (২০ সেপ্টেম্বর) কুমিল্লায় এক ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, জিডির ভিত্তিতে হত্যাকাণ্ডের তদন্ত শুরু হয়। সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, তুহিন অপ্রতিমকে জঙ্গলে নিয়ে যায়। পরে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়।

তুহিনের জিজ্ঞাসাবাদে জানা যায়, আইফোন ছিনিয়ে নিতেই তাকে জঙ্গলে নিয়ে যাওয়া হয়। ফাহাদও এই ঘটনার সঙ্গে জড়িত ছিল। পরে ফাহাদকে আটক করা হলে সে জানায়, কামরুলও হত্যাকাণ্ডের পরিকল্পনায় অংশগ্রহণ করেছে।

পুলিশ সুপার আরও জানান, তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তুহিনের বাড়ি থেকে আইফোন উদ্ধার করা হয়। অপ্রতিমকে হত্যার সময় তুহিন, ফাহাদ এবং কামরুল একত্রে বাঁশের লাঠি দিয়ে আঘাত করে। পরে তারা ফোন নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এই ঘটনার সাথে সিয়াম নামের একজনকে আটক করা হয়েছে। অন্য কারও সম্পৃক্ততা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

অপ্রতিমের মা-বাবা বুকফাটা আর্তনাদে তাদের একমাত্র সন্তানকে শেষ বিদায় জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার নিখোঁজের খবর প্রচারিত হলে সবাই তার জীবিত ফিরে আসার আকুতি জানিয়েছিলেন। কিন্তু পুলিশ বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে।

রোববার (২০ সেপ্টেম্বর) দ্বিতীয় জানাজার পর কুমিল্লার কোটবাড়ির গন্ধমতি গোরস্থানে তাকে দাফন করা হয়। অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় সে। সন্ধ্যার পর না ফেরায়, তার মা থানায় সাধারণ ডায়রি করেন।

বিজ্ঞাপন