বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

অভিনেতা ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরির ঘটনা

ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়িতে চুরির ঘটনা, পুলিশ তদন্ত শুরু করেছে।

অভিনেতা ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরির ঘটনা

জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুর শহরের বাসায় চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা তাঁর বাড়ির বিদ্যুতের মেইন লাইন ও এসির তারসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র কেটে নিয়ে গেছে। মঙ্গলবার (২৫ আগস্ট) ফরিদপুর কোতোয়ালি থানায় এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় বাবুর পৈতৃক নিবাস ‘কামরাঙ্গা’। পেশাগত ব্যস্ততার কারণে পরিবার নিয়ে তিনি ঢাকায় বসবাস করলেও মাসে অন্তত এক-দুইবার গ্রামের বাড়িতে যান।

অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির সংযোগের তারও নেই। পাশাপাশি বাড়ির বাইরে রাখা বিভিন্ন জিনিসপত্রও চুরি হয়ে গেছে।

বাবু বলেন, ‘এটি আমার জন্মস্থান, তাই মাঝেমধ্যেই এখানে ছুটে আসি। আগে এখানকার পরিবেশ খুব ভালো ছিল এবং আমরা নিশ্চিন্তে থাকতে পারতাম। কিন্তু সম্প্রতি এলাকায় চুরির উপদ্রব অনেক বেড়ে গেছে, যা আমাদের চরম নিরাপত্তাহীনতায় ফেলছে।’

তিনি চুরির ঘটনার জন্য স্থানীয় মাদকাসক্তদের দায়ী করেছেন। বাবু অভিযোগ করেন, শুধু তাঁর বাড়িতেই নয়, আশপাশের আরও কয়েকটি বাড়িতেও সম্প্রতি একই কায়দায় চুরির ঘটনা ঘটেছে। মাদক কেনার টাকা জোগাড় করতেই স্থানীয় মাদকসেবীদের একটি চক্র এসব অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াচ্ছে বলে ধারণা করছেন তিনি।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুল হাসান জানান, অভিনেতা ফজলুর রহমান বাবু সশরীরে থানায় এসে বিদ্যুতের তার ও মালামাল চুরির বিষয়ে একটি জিডি করেছেন। পুলিশ ইতিমধ্যে এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে কাজ শুরু করেছে।

বিজ্ঞাপন