মেহেরপুর শহরের লর্ড মার্কেট এলাকায় গভীর রাতে একটি নৃশংস হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, সায়ন নামের এক যুবক এক তরুণীর ডান হাত কুপিয়ে কবজির ওপর থেকে বিচ্ছিন্ন করেছেন। এ ঘটনায় তরুণীর বাবা ও মা আহত হয়েছেন।
মঙ্গলবার রাত দেড়টার দিকে সেলিম হোসেনের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন— সেলিম হোসেন, তার স্ত্রী রেবেকা খাতুন এবং তাদের মেয়ে স্মৃতি আক্তার। হামলায় স্মৃতি আক্তারের ডান হাত কবজির ওপর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে।
প্রাথমিক চিকিৎসার জন্য আহতদের মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়, পরে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, হামলার সময় সায়ন ধারালো অস্ত্র নিয়ে সেলিম হোসেনের মেয়ের ওপর হামলা চালান। স্মৃতির চিৎকার শুনে তার বাবা-মা ছুটে এলে তাদের ওপরও হামলা হয়।
ঘটনার পর সায়ন পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে, বাড়িতে ঢুকে এমন হামলার ঘটনায় লর্ড মার্কেট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ হামলার কারণ খতিয়ে দেখছে।