জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২৪ আগস্ট) শহরের পশ্চিম আলীপুরে অবস্থিত ‘কামরাঙ্গা’ নামক বাসভবনে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে অভিনেতা ফজলুর রহমান বাবু কোতয়ালী থানায় সাধারণ ডায়েরি করেছেন। তিনি জানান, পরিবারসহ ঢাকায় থাকেন এবং মাসে এক বা দুইবার গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। গত ১৫ দিন আগে তিনি বাড়িতে এসেছিলেন এবং দুই দিন পর পুনরায় ঢাকায় চলে যান।
তিনি বলেন, “গতকাল সোমবার রাতে বাড়িতে এসে লাইট জ্বালাতে গিয়ে দেখি জ্বলছে না। পরে বাইরে গিয়ে দেখি বিদ্যুতের মেইন লাইনের তার নেই। ছাদে গিয়ে দেখি এসির তারও নেই।” এছাড়া, বাড়ির বাইরে থাকা বেশ কিছু মালামালও চুরি হয়েছে।
ফজলুর রহমান বাবু জানান, শুধু তার বাড়ির নয়, অন্যদের বাড়িতেও একই ধরনের চুরির ঘটনা ঘটেছে।
এ বিষয়ে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুল হাসান বলেন, “অভিনেতা ফজলুর রহমান বাবুর বাসভবনে বিদ্যুতের তার চুরির ঘটনায় তিনি নিজে থানায় এসে সাধারণ ডায়েরি করেছেন। চুরির ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে কাজ শুরু করেছে পুলিশ।”