শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

কুমিল্লায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে সিএনজিচালক গ্রেপ্তার

কুমিল্লায় জান্নাতুল তাজমিনকে ধর্ষণের পর হত্যার অভিযোগে সিএনজিচালক গ্রেপ্তার।

কুমিল্লায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে সিএনজিচালক গ্রেপ্তার

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিনকে (১৫) ধর্ষণের পর হত্যার অভিযোগে সুমন মিয়া (৩৫) নামের এক সিএনজিচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সকাল ১০টার দিকে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) পংকজ বড়ুয়া এ তথ্য জানান। তিনি জানান, গত বৃহস্পতিবার সকালে লালমাই উপজেলার ভোরাজগৎপুর উত্তরপাড়া গ্রামের একটি ধানক্ষেতের আইলের পাশ থেকে তাজমিনের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, জান্নাতুল কুমিল্লা নগরীর ফরিদা বিদ্যায়তনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার স্থায়ী বাড়ি যশোর জেলায়। বাবার চাকরির সুবাদে পরিবারসহ কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় বসবাস করত।

ঘটনার দিন, বুধবার রাত সাড়ে ১২টার দিকে জান্নাতুল পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার তিশা বাস কাউন্টারের সামনে থেকে সুমন মিয়ার সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে। ভাড়া ৩শ টাকা ঠিক হয়। পরে সুমন তাকে অন্য পথে নিয়ে যান।

অন্ধকার ও নির্জন এলাকায় পৌঁছালে জান্নাতুল বুঝতে পারেন এবং পালানোর চেষ্টা করেন। এ সময় সুমন তাকে আটকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করেন। জান্নাতুল চিৎকার করলে সুমন তার গলায় গামছা পেঁচিয়ে ধরেন।

জিজ্ঞাসাবাদে সুমন স্বীকার করেছেন যে, জান্নাতুল দুর্বল হয়ে পড়লে তাকে ধর্ষণ ও হত্যা করেন। পরে মরদেহ ধানক্ষেতে ফেলে রেখে জান্নাতুলের ব্যাগ থেকে আইফোন নিয়ে যান।

পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনার পর সুমন আইফোনটি বাখরাবাদ এলাকার একটি পুকুরপাড়ের জঙ্গলে লুকিয়ে রেখে চট্টগ্রামে চলে যান। জেলা গোয়েন্দা পুলিশ ও লালমাই থানা-পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করে।

গত শুক্রবার চট্টগ্রাম থেকে সুমনকে গ্রেপ্তার করা হয় এবং তার দেওয়া তথ্য অনুযায়ী আইফোনটি উদ্ধার করা হয়। এই ঘটনার পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন