শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

গাজীপুরে বিকাশ কর্মকর্তাকে গুলি, তিন কোটি টাকা ছিনতাই

গাজীপুরে বিকাশ কর্মকর্তাদের ওপর হামলা, তিন কোটি টাকা ছিনতাই।

গাজীপুরে বিকাশ কর্মকর্তাকে গুলি, তিন কোটি টাকা ছিনতাই

গাজীপুরের শ্রীপুরে বিকাশের টাকা বহনকারী প্রাইভেটকারে হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শ্রীপুর-গোসিংগা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। হামলায় ক্যাশ ম্যানেজার হিমেল (৩৫) গুলিবিদ্ধ হয়েছেন এবং অন্য তিন কর্মী আহত হয়েছেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, বিকাশের কর্মকর্তারা নরসিংদীর বিভিন্ন এজেন্টের কাছ থেকে সংগ্রহ করা প্রায় তিন কোটি টাকা তিনটি বস্তায় ভরে একটি প্রাইভেটকারে করে মাওনার উদ্দেশ্যে রওনা হন। গাড়িটি কর্ণপুর এলাকায় পৌঁছালে ১৫ থেকে ২০টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গতিরোধ করে গাড়ির কাচ ভেঙে হিমেলের পেটে গুলি চালায়।

হামলার সময় অন্য কর্মকর্তাদের মারধর করা হয় এবং গাড়ির ট্রাঙ্কে থাকা টাকা ভর্তি দুটি বস্তা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাই হওয়া দুটি বস্তায় প্রায় আড়াই কোটি টাকা ছিল।

ঘটনার পর আহতরা স্থানীয়দের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছান। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ড. অনিক সরকার জানান, গুলিবিদ্ধ হিমেলকে জরুরি ভিত্তিতে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানিয়েছেন, বিকাশের পক্ষ থেকে এত বিপুল পরিমাণ অর্থ বহনের বিষয়টি থানায় বা ৯৯৯-এ আগে থেকে জানানো হয়নি এবং কোনো পুলিশি নিরাপত্তাও নেওয়া হয়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি তদন্ত শুরু করেছে।

বিজ্ঞাপন