গাজীপুরের শ্রীপুরে বিকাশের এক ডিস্ট্রিবিউটরের নগদ টাকা বহনকারী প্রাইভেটকারে হামলা চালিয়ে প্রায় তিন কোটি টাকা লুটের অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।
হামলায় গুলিবিদ্ধ হয়েছেন প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টস ম্যানেজার হিমেল। আহত হয়েছেন গাড়িচালক লাল মিয়া ও এরিয়া ম্যানেজার ফরহাদ। এ সময় হামলাকারীরা ১০ থেকে ১২টি মোটরসাইকেলে এসে গাড়ির পথরোধ করে।
বিকাশের ডিস্ট্রিবিউটর ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেডের শ্রীপুর শাখার ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান, ব্যাংক বন্ধ থাকায় এবং তৈরি পোশাক কারখানার শ্রমিকদের বেতন পরিশোধের চাপ থাকায় নগদ টাকার সংকট দেখা দেয়।
তিনি বলেন, শুক্রবার বিকেলে নরসিংদী সদরের ডিস্ট্রিবিউটর হযরত আলী মুন্সীর কাছ থেকে নগদ টাকা আনা হচ্ছিল। কর্ণপুর এলাকায় পৌঁছালে হামলাকারীরা গাড়ির কাচ ভেঙে ফেলে এবং পিস্তল দিয়ে হিমেলকে গুলি করে।
হামলাকারীরা গাড়িতে থাকা তিনটি প্লাস্টিকের বস্তা নিয়ে পালিয়ে যায়। বস্তাগুলোতে মোট চার কোটি টাকা ছিল, তবে মোস্তাফিজুর রহমানের ধারণা, লুট হওয়া টাকার পরিমাণ প্রায় তিন কোটি টাকা।
গুলিবিদ্ধ হিমেলকে শ্রীপুরে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে।