জামালপুরের বকশীগঞ্জে শনিবার (১০ অক্টোবর) সকালে বাসচাপায় এক শাশুড়ি ও তার পুত্রবধূ নিহত হয়েছেন। এ দুর্ঘটনা ঘটে জামালপুর-বকশীগঞ্জ সড়কের নিলক্ষিয়া ঠাকুরপাড়া এলাকায়।
নিহতরা হলেন বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ঠাকুরপাড়া গ্রামের উফেজা বেগম (৬৫) ও তার পুত্রবধূ ফরিদা বেগম (৪০)। স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা শান্তি পরিবহনের একটি বাস জামালপুর-বকশীগঞ্জ সড়ক দিয়ে রৌমারীর দিকে যাচ্ছিল।
সকাল ৬টার দিকে বাসটি নিলক্ষিয়া ঠাকুরপাড়া এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা উফেজা বেগম ও ফরিদা বেগমকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, দুর্ঘটনার পর বাসটি ও চালকের সহযোগী মহিনউদ্দিনকে আটক করা হয়েছে। তিনি বলেন, "এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।"