ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের মিরপুরের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে মিরপুর-১৩ নম্বরে বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনে এ হামলা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ১০০ থেকে ১৫০ জনের একটি দল লাঠি, ইট-পাটকেলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে ভবনে হামলা চালায়। হামলাকারীরা ভবনটির সামনের কাচের দেয়াল ভেঙে ফেলে এবং লিফটের চারপাশে থাকা ঘেরাওয়ের অংশও ভাঙচুর করে।
হামলার পর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ঘটনাস্থলে অবস্থান নেন। এদিকে, ডিএনসিসি প্রশাসকের দাবি, তার অফিসের সাথে দুইটি বড় পোশাক কারখানা আছে। তিনি জানান, সেগুলোর শ্রমিকেরা এই অরাজকতা ঘটায়।
মিল্টন বলেন, “আজ সকালে শ্রমিকদের সাথে পুলিশের ঝামেলা হয়, তখন শ্রমিকেরা আমার অফিসে ইট-পাটকেল ছুড়েছে।” ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক পরিবেশে উদ্বেগ সৃষ্টি হয়েছে।