শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় জামায়াত নেতা আখতারুজ্জামানের রিমান্ড

জামায়াত নেতা আখতারুজ্জামানকে বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় জামায়াত নেতা আখতারুজ্জামানের রিমান্ড

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা এবং নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে এক দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। শনিবার (৩ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এই আদেশ দেন।

এর আগে, বিমানবন্দর থানার তদন্ত কর্মকর্তা ৫ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানিতে আখতারুজ্জামান বলেন, এটি একটি ষড়যন্ত্র। তিনি অভিযোগ করেন, মামলা থানায় রুজুর আগেই ডিবি পুলিশ তার বাসায় হাজির হয়েছিল।

দুপুরে আদালতে আখতারুজ্জামানকে নেওয়ার সময় তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং মাথার হেলমেট ছুড়ে ফেলেন। আদালত চত্বরে জামায়াতের নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন।

গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএসের বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেফতার করে ডিবি। বৃহস্পতিবার রাতে বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে মামলা করেন নিরাপত্তা কর্মকর্তা।

মামলার এজাহারে বলা হয়েছে, বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে সৌদি আরবের মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৩৮ ফ্লাইটের যাত্রীরা নামার পর ৮ নম্বর লাগেজ বেল্ট এলাকায় ট্রলির সংকট দেখা দেয়। লাগেজ পেতে বিলম্ব হওয়ায় সেখানে উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি দেখতে ঘটনাস্থলে যান বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ। অভিযোগ রয়েছে, পরিস্থিতি শান্ত করার সময় আখতারুজ্জামান নির্বাহী পরিচালকের দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে যান এবং তাকে গালিগালাজ ও হুমকি দেন।

বিজ্ঞাপন