শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিতের মামলায় জামায়াত নেতা ও অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর করেছেন আদালত।
৪ অক্টোবর, রোববার, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। জামিন নামঞ্জুর হওয়ার পর আদালত চত্বরে জামায়াত নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন।
এ সময় বিএনপিপন্থি আইনজীবীরা আদালত চত্বরে বহিরাগতদের বিরুদ্ধে বিশৃঙ্খলা তৈরির অভিযোগ তোলেন। একপর্যায়ে জামায়াত নেতাকর্মীদের সঙ্গে আইনজীবীদের তর্কাতর্কি ও হাতাহাতির ঘটনা ঘটে।
এর আগে, দুপুরে রিমান্ড শেষে আখতারুজ্জামানকে রাজধানীর সিএমএম আদালতে হাজির করা হয়। গত শুক্রবার সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মামলার তদন্তকারী কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড চাইলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সকালে বাংলাদেশের একটি ফ্লাইটে জামায়াতের ৩৪ সদস্যের একটি প্রতিনিধি দল সপরিবারে মদিনা থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ওই সময় বিমানবন্দরে আগমনী যাত্রীর বাড়তি চাপ থাকায় ট্রলি সংগ্রহের জন্য দীর্ঘ লাইন তৈরি হয়।
অভিযোগ অনুযায়ী, কয়েকজন প্রটোকল সহকারী লাইনের নিয়ম ভেঙে ট্রলি সংগ্রহের চেষ্টা করেন, যার ফলে উত্তেজনা সৃষ্টি হয় এবং অশোভন আচরণ দেখা দেয়।