জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য ও বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান বলেছেন, ‘নতুন করে সংগ্রামে নামতে হবে।’ শনিবার আদালতে নেওয়ার পথে পুলিশের প্রিজন ভ্যান থেকে নামার সময় তিনি এ মন্তব্য করেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালককে হুমকি এবং নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে গ্রেপ্তার আখতারুজ্জামানকে আজ আদালতে হাজির করা হয়েছে। তিনি বলেন, ‘এভাবে রাষ্ট্র চলতে পারে না। প্রবাসীদের সমস্যার সমাধান আমরা করব। এত অব্যবস্থাপনা করে কোনো সরকার টিকে থাকতে পারে না।’
আখতারুজ্জামান আরও জানান, জামায়াতে ইসলামী দেশকে সঠিক পথে চালানোর জন্য সংগ্রাম করে যাচ্ছে। শুক্রবার বিকেলে রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএসের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং নিরাপত্তা কর্মকর্তাকে হেনস্তার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার বিমানবন্দরে অব্যবস্থাপনা, লাগেজ ট্রলির সংকট, এবং জমজমের পানি না আসাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আইন অনুযায়ী রিমান্ডের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।