শাহজালাল বিমানবন্দরে বিশৃঙ্খলা ও মারধরের অভিযোগে জামায়াতে ইসলামীর নেতা অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করেছে কর্তৃপক্ষ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব শুক্রবার সকালে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন।
মামলার তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা ৫৫ মিনিটে বিমান বাংলাদেশের বিজি-৩৩৮ ফ্লাইটে জামায়াতের ৩৪ জন প্রতিনিধি মদিনা থেকে শাহজালাল বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে আগমনী যাত্রীর চাপ থাকায় ট্রলি সংগ্রহের জন্য দীর্ঘ লাইন তৈরি হয়। কিছু প্রটোকল সহকারী লাইনের নিয়ম ভেঙে ট্রলি সংগ্রহের চেষ্টা করেন।
এসময় যাত্রীদের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং তারা অশোভন আচরণ করতে শুরু করেন। বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-৫ আসনের এমপি মোহাম্মদ কামাল হোসেন ঘটনাস্থলে নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদকে ডেকে পাঠান।
নির্বাহী পরিচালক ঘটনাস্থলে আসার পর অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান তাঁর দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে এসে রূঢ় ভাষায় গালিগালাজ করতে থাকেন এবং মারধরের হুমকি দেন। তিনি বিমান মন্ত্রীকে নিয়েও অশালীন মন্তব্য করেন।
নিরাপত্তা সুপারভাইজার ভিডিও ধারণের চেষ্টা করলে আখতারুজ্জামান ক্ষিপ্ত হয়ে তাকেও গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পুলিশ জানিয়েছে, ঘটনার সিসিটিভি ফুটেজ ও সাক্ষ্যের ভিত্তিতে তদন্ত চলছে।
মেজর (অব.) আখতারুজ্জামান দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ৫ বার বিএনপি থেকে বহিষ্কৃত হন এবং গত ডিসেম্বরে তিনি জামায়াতে যোগ দেন।