রাজধানী ঢাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাঁড়াশি অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ১৭ জন নিষিদ্ধ সংগঠনের সদস্য রয়েছেন।
শুক্রবার (২ অক্টোবর) বিভিন্ন থানায় মোট ৭৯টি মামলা দায়ের করা হয়েছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ জানায়, রাজধানীর বিভিন্ন থানা ও অপরাধ বিভাগ একযোগে এই বিশেষ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতদের মধ্যে মিরপুর বিভাগ থেকে সর্বাধিক ১১৮ জনকে গ্রেফতার করা হয়। তেজগাঁও বিভাগে ৬২ জন, ওয়ারী বিভাগে ৪৬ জন, রমনা বিভাগে ৪২ জন, লালবাগ বিভাগে ৪১ জন, মতিঝিল বিভাগে ৩৯ জন, উত্তরা বিভাগে ৩৮ জন এবং গুলশান বিভাগে ৩৬ জন গ্রেফতার হয়েছেন।
বিশেষায়িত ইউনিটগুলোর মধ্যে গোয়েন্দা বিভাগ (ডিবি) ৫ জন এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ১ জনকে গ্রেফতার করে। অভিযানকালে আসামিদের হেফাজত থেকে বিপুল পরিমাণ অবৈধ আলামত উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত আলামতের মধ্যে ২টি ধারালো সুইচ গিয়ার চাকু, ৩৮৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৭ কেজি ৯৬০ গ্রাম গাঁজা, অপরাধে ব্যবহৃত ২টি মোটরসাইকেল, ৫টি মোবাইল ফোন, ১টি ল্যাপটপ এবং ১টি এসএসডি কার্ড অন্তর্ভুক্ত রয়েছে।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর বিভিন্ন পয়েন্টে এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত সকল আসামির বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।