শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

মেহেরপুরে কওমী শিক্ষকের বিরুদ্ধে শিশুকে পিটিয়ে পা ভাঙার অভিযোগ

মেহেরপুরে কওমী মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে শিশুকে পিটিয়ে পা ভাঙার অভিযোগ উঠেছে।

মেহেরপুরে কওমী শিক্ষকের বিরুদ্ধে শিশুকে পিটিয়ে পা ভাঙার অভিযোগ

মেহেরপুরের গাংনীতে ফজলুল উলুম কওমী মাদ্রাসার হিফজ বিভাগের ১৩ বছর বয়সী শিক্ষার্থী শৌয়েব আলীকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে শিক্ষক দ্বীন ইসলামের বিরুদ্ধে। গত সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোরে মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

শৌয়েব আলী গাংনী উপজেলার পশ্চিম মালশাদহ গ্রামের আব্দুল গনির ছেলে। ভুক্তভোগী শিক্ষার্থী জানায়, মাদ্রাসায় পড়া না পারায় শিক্ষক দ্বীন ইসলাম তাকে বাঁশের কঞ্চি দিয়ে মারধর করেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।

শৌয়েবের বাবা আব্দুল গনি বলেন, প্রথমে বিষয়টি বুঝতে পারলেও পায়ের আঘাতের গুরুত্ব বুঝতে পারেননি। পরে বৃহস্পতিবার বিকালে তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, যেখানে চিকিৎসক নিশ্চিত করেন যে তার পায়ের গোড়ালির হাড় ভেঙে গেছে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সামিয়া সুলতানা জানান, শিক্ষার্থীর পায়ের গোড়ালির অংশে ফ্র্যাকচার হয়েছে এবং তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে পশ্চিম মালশাদহ ফজলুল উলুম কওমি মাদ্রাসার শিক্ষকদের সাথে যোগাযোগ করা হলেও তারা কথা বলতে রাজি হননি। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন