মদিনা থেকে উমরাহ পালন শেষে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৩৩৮-এর যাত্রীদের জন্য জমজমের পানি সরবরাহে সাময়িক দেরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ৯টা ১০ মিনিটে ফ্লাইটটি অবতরণের পর এ সমস্যা দেখা দেয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক জনসংযোগ (অতিরিক্ত দায়িত্ব) মহিউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাথমিক অনুসন্ধানে কন্টেইনার অফলোডিং এবং পরিচালনগত গাফিলতির কারণে ব্যাগেজ বেল্টে সময়মতো পানি পৌঁছাতে বিলম্ব হয়।
এ বিষয়ে মন্ত্রী মহোদয়ের নির্দেশে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট ব্যাগেজ ইনচার্জ মনিরুল ইসলাম প্রধান এবং ফ্লাইট সুপারভাইজার সাদ্দাম হোসেনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ঘটনাটি নজরে আসামাত্রই বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ উমরাহ হাজীদের সাময়িক দুর্ভোগ নিরসনে নিজেদের সংরক্ষিত স্টক থেকে দ্রুত জমজমের পানি বিতরণের ব্যবস্থা করে। পরবর্তীতে অপর কন্টেইনারটি দ্রুত শনাক্ত করে সরবরাহ নিশ্চিত করা হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ যাত্রীদের সর্বোচ্চ মানের সেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর অভ্যন্তরীণ তদারকি জোরদার করেছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।