রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগে ৩ জন শিক্ষককে পদানবতি করেছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ১২৩ তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. এম শওকাত আলী যমুনা টেলিভিশনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. রশীদুল ইসলামকে অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. শামীম হোসেনকে সহকারী অধ্যাপক থেকে প্রভাষক এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাকিবুল ইসলামকে সহযোগী অধ্যাপক থেকে সহকারী অধ্যাপক পদে পদানবতি করা হয়েছে।
ড. এম শওকাত আলী বলেন, শিক্ষকদের বিরুদ্ধে ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পাওয়ায় সিন্ডিকেট তাদের পদানবতির সিদ্ধান্ত নেয়।
গত ৩০ সেপ্টেম্বর সিন্ডিকেট সভাটি অনুষ্ঠিত হয়। ভিসি জানান, যৌন নিপীড়নসহ যে কোন অন্যায়ের বিরুদ্ধে তাদের প্রশাসন সব সময় কঠোর থাকবে।