বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

মুন্সীগঞ্জে শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রকে মারধর, আটক ১

মুন্সীগঞ্জের সিরাজদিখানে শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রকে মারধরের অভিযোগে এক অভিভাবক আটক।

মুন্সীগঞ্জে শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রকে মারধর, আটক ১

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে মারধর করার অভিযোগে এক অভিভাবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১টার দিকে ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া অভয় পাইলট স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তির নাম নাহিদ শেখ (৩৫), তিনি পূর্ব রাজদিয়া গ্রামের মৃত আব্দুর জব্বার শেখের ছেলে। বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রস্তুতিমূলক কুচকাওয়াজ শেষে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে অবস্থান করছিল। আগের দিন দুই শিক্ষার্থীর মধ্যে ঝগড়ার ঘটনা ঘটে।

এ নিয়ে নিজের ছেলে আতিকুর রহমানকে মারধরের সন্দেহে নাহিদ শেখ শ্রেণিকক্ষে প্রবেশ করেন এবং একই শ্রেণির শিক্ষার্থী হাবিবকে ধরে তিনবার আছাড় দেন। এ সময় শ্রেণিকক্ষে থাকা শিক্ষার্থীরা ভয়ে চিৎকার শুরু করে।

বিদ্যালয়ের শিক্ষকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রধান শিক্ষক নাহিদ শেখকে তাঁর কক্ষে নিয়ে যান এবং ঘটনার তথ্য পুলিশকে জানান। সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থলে এসে নাহিদ শেখকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিদ্যালয়ের পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম বলেন, এভাবে শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীকে মারধর করা অনুচিত।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত অভিভাবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষও বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান।

বিজ্ঞাপন