খাগড়াছড়ির রামগড় উপজেলার লামকুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বজ্রপাতের ফলে ১৬ শিক্ষার্থী ও একজন সহকারী শিক্ষিকা আহত হয়েছেন। সোমবার বিকেল ৩টা ৫০ মিনিটে বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির কক্ষের বাইরে পার্শ্ববর্তী একটি গাছে বজ্রপাত ঘটলে এই দুর্ঘটনা ঘটে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিলুফা ইয়াছমিন জানান, ক্লাস চলাকালে বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়েন সকল শিক্ষক ও শিক্ষার্থীরা। ৪র্থ শ্রেণির কক্ষের পাশে বজ্রপাত হওয়ায় সেখানে উপস্থিত শিক্ষক শাহানা আফরোজসহ ১৬ শিক্ষার্থীর শরীরে বজ্রপাতের ঝলকানি লাগে।
আহতদের তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহযোগিতায় রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. অন্ত বড়ুয়া জানান, বজ্রপাতের শব্দ ও ঝলকানিতে আতঙ্কিত হয়ে পড়েন শিক্ষার্থীরা। কিছু শিক্ষার্থীর শরীরের বিভিন্ন অংশে অবশ হয়ে পড়ে। প্রাথমিক চিকিৎসা শেষে তারা সবাই শঙ্কামুক্ত হয়ে বাড়ি ফিরে গেছেন।